তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম-এর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় ২.৮ বিলিয়ন ডলার
কোথায় কতটা তাপপ্রবাহ
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এছাড়া রাজশাহী বিভাগের অন্যান্য অংশ, খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানেও তাপপ্রবাহের প্রভাব রয়েছে।
আরও পড়ুন: চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রস্তুত রূপপুর-বগুড়া ও রূপপুর- গোপালগঞ্জ সার্কিট
দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা
আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামী কয়েক দিনের পূর্বাভাস
শুক্রবার (২৪ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
শনিবার (২৫ এপ্রিল)
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৬ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল)
দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং দেশের সার্বিক তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।





