সৌদি আরবে পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৯৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সাতজন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবাই স্বাভাবিক কারণে মারা গেছেন।
চিকিৎসা সেবার ক্ষেত্রে সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ৫ হাজার ৪৮৬ জন হজযাত্রীকে সেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৮ হাজার ৫৮০ জনকে সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
হজ অফিসের তথ্যমতে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ ব্যবস্থাপনায় ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারীসহ মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে।
বিমান সংস্থাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ৪৪টি ফ্লাইটে ১৮ হাজার ১৭৩ জন, সৌদি এয়ারলাইন্স এর ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ৩৮ হাজার ৯৩৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
হজ অফিস জানিয়েছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এখন পর্যন্ত ৭৮ হাজার ২৯৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে ৪ হাজার ৪১৯টি সরকারি এবং ৭৩ হাজার ৮৭৮টি বেসরকারি ব্যবস্থাপনায় প্রদান করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।





