পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বডিওর্ন ক্যামেরা বাড়ানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ন, ১১ মে ২০২৬ | আপডেট: ৮:২৪ অপরাহ্ন, ১১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাহিনীর কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণ করা হবে। আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে। ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত, অপারেশনসহ সব কার্যক্রম রেকর্ডে রাখার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের ভাবমূর্তির সঙ্গে পর্যটন খাত জড়িত। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।’