কুমিল্লা বিভাগ নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা হবে। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সবার আগে দেশ — এবং দেশটা সবার। জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করবো।” সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে তিনি জবাবে বলেন, “ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।”

আরও পড়ুন: ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

দুপুর সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

এর আগে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন ও ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মী এবং সমর্থকরা সভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই পথসভাটি হাজারো মানুষের উপস্থিতিতে বড় সমাবেশে রূপ নেয়।

আরও পড়ুন: স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে যুগোপযোগী সাইবার আইন হচ্ছে

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতেই মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করবো।”

বরুড়ার পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরে যান। সেখানে বেলা সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকার ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।