সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারামুক্ত
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা শওকত মাহমুদ দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি দীর্ঘ সময় অর্ধশত মামলায় কারাগারে আটক ছিলেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রমূলক মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ।
আরও পড়ুন: মতিঝিল মেট্রোরেলের নিচে বোমা, কাউকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে গত ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
এরপর চলতি বছরের ৩০ মার্চ তাকে আরও একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন: স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস
‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। মামলায় শওকত মাহমুদকে ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে উল্লেখ করা হয়।





