সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট ও শপিংমল
দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় সোমবার (১ জুন) থেকে আগের নিয়ম পুনরায় কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি সরকারি আদেশ জারি করা হয়। নির্দেশনাটি বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ও সাশ্রয়ী রাখতে পূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। ঈদ উপলক্ষে দেওয়া সাময়িক ছাড় শেষ হওয়ায় এখন থেকে নিয়মিতভাবে এই নির্দেশনা অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজার নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে।
এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বাণিজ্যিক ডিজিটাল বিলবোর্ড ও আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ সব ধরনের আয়োজনও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।





