ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর কর আরোপ হবে না: প্রধানমন্ত্রী
দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’–এর প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।
সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক কনটেন্ট তৈরির মাধ্যমে আলোচনায় আসা জুয়েল রানার কাজের প্রশংসা করেন। উল্লেখ্য, ‘চিত্ত মিডিয়া’ পেজটি চালুর মাত্র দেড় বছরের মধ্যে ৪৩ লাখের বেশি অনুসারী অর্জন করেছে।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর ৭.৫ শতাংশ কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এ ধরনের কর আরোপ না করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
জুয়েল রানার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, “এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ। ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কনটেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা হতে পারে না।”
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেন, “তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে।”
আলোচনার সময় জুয়েল রানা বলেন, দেশের কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সাররা কোনো সম্পদ বিদেশে পাচার করেন না; বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। তাই এই খাতের কর্মীদের প্রতি সরকারের আরও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।
জুয়েল রানার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী বলেন, “অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কনটেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা কাজ করে যান।”
তবে জুয়েল রানার বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।





