জ্বালানির পর বাড়ল বিদ্যুতের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর এবার বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের নতুন পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে।

নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিইআরসি সূত্রে জানা গেছে, গত ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে নিয়োজিত বিভিন্ন সংস্থা ও কোম্পানি বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য এবং সঞ্চালন মাশুল বৃদ্ধির আবেদন জমা দেয়।

পরবর্তীতে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের দাবি ছিল, খাতটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি, পরিকল্পনাগত ত্রুটি ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো উচিত নয়।

আরও পড়ুন: একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে: মির্জা ফখরুল

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশের মাধ্যমে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সম্প্রতি ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

ফলে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়েছে। নতুন এই মূল্যহার গত ১ জুন থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে শিল্প, বাণিজ্য ও সাধারণ ভোক্তা পর্যায়ে এর প্রভাব কী হবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।