৪৯২ উপজেলার হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, থাকবে আইসিইউ সুবিধা
দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার সরকারি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাসপাতালগুলোর অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি সেখানে বিশেষায়িত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধাও যুক্ত করা হবে।
বুধবার ( ৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতাল সম্প্রসারণের কাজ শুরু করতে গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজ থেকেই বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, উপজেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিজ এলাকায় উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তিনি আরও বলেন, নারী ও শিশুদের জন্য পৃথকভাবে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে রাজধানীকেন্দ্রিক চিকিৎসা সেবার চাপ কমবে এবং উপজেলা পর্যায়ের জনগণ আরও সহজে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





