ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
এ সময় উপস্থিত ছিলেন আমিনুল হক, মীর হেলাল উদ্দীন, শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি তাবিথ আউয়াল।
এর আগে ২০২৫ সালে ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে বিএনপির পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানো হয়। সে সময় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ঋতুপর্ণা চাকমা দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি ছিলেন দলের অন্যতম ভরসা। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অভিযানে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।
পাহাড়ি অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা বর্তমানে দেশের অসংখ্য নারী ফুটবলারের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।





