গণমাধ্যমের সহযোগিতায় মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগনের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার  সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানের সাথে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চান।

আরও পড়ুন: দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা

মতবিনিময় সভার পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে, আমরা চাই না সারাক্ষন রাজনীতি নিয়ে কথা বলব… হাটে-ঘাটে মাঠে সব সময়। সুতরাং কেউ শুধু মাত্র রাজনৗতির কথা না বলে আমাদের অর্থনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, আমাদের মানবিক মূল্যবোধ রয়েছে।

তিনি একটা কথা বলেছেন, যে, একটা কুকুরকে মারা হচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি… একটা পশুকে মেরে ফেলছে, একটা মানুষকে মেরে ফেলছে… এই যে, আমাদের মধ্যে যে মানবিক অনুভূতিগুলো ,মানবিক মূল্যবোধগুলো জাগিয়ে তোলা দরকার, আমাদের মধ্যে সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ডা. জাহেদ উর রহমান ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

প্রেস সচিব বলেন, উনি(সাংবাদিকদের) কথা শুনেছেন। উনি বলেছেন যে, আগামী দিনগুলো মিডিয়ার সঙ্গে কথা বলবেন,মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর দুপুর পৌনে ২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই মতবিনিময় সভা হয়।

মোহনা টিভির বার্তা প্রধান রাশেদুল হক বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আমাদের গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং বিভিন্ন নিয়ে আলাপ করছি। সোহার্দপূর্ণ পরিবেশে খোলামেলাভাবে আমরা আমাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পেরেছি।  

ইউরোপ বা আমেরিকা নয়,বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা বাসযোগ্য মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।

গণমাধ্যম কমিশন গঠন, ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ, সাংবাদিকদের কর্ম পরিবেশ এবং তাদের চাকুরির নিরাপত্তাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানান রাশেদুল হক।

এই মতবিনিময় সভায় বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভি‘র জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনার রাশেদুল হক, একাত্তরের শফিক আহমেদ, জিটিভি গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ,আরটিভির ইলিয়াস হোসেন, বাংলা টিভি এম এম বাদশা প্রমূখ বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও  প্রধান মন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য রাখেন।

এই মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহাদী আমিন,প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন  উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যহ্ন ভোজে আপ্যায়ন করেন।