স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে স্কুল পর্যায় থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার ( ১৬ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো মাদক। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ, চিকিৎসা বা কাউন্সেলিং যথেষ্ট নয়; বরং তরুণদের জন্য বিকল্প ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিপুল শারীরিক ও মানসিক শক্তিকে সঠিক পথে পরিচালিত করা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডই হতে পারে সেই শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহারের অন্যতম মাধ্যম। তবে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংকটকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

তরুণদের সম্পৃক্ত করতে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সম্প্রতি দেশের প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও এ ধরনের আয়োজন যথাযথ গুরুত্ব না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

শুধু খেলাধুলা নয়, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী চর্চা বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত সায়েন্স ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব কার্যক্রম সারা বছর চলমান থাকা উচিত।

নৈতিক অবক্ষয় রোধে সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সমাজে সহিংসতা ও অসহিষ্ণুতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদার করা প্রয়োজন।

প্রধানমন্ত্রী আরও জানান, এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়কে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় তিনি অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।