সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: মহররম মাসের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা
এছাড়া বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তিনি। তবে এবারের সফরে সিলেট জেলায় তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরসূচি কেন্দ্রীভূত রয়েছে মৌলভীবাজার জেলায়।





