মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১০:৪১ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: হামের টিকায় গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্নে উল্লেখ করেন, গত ১৬ বছরে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ বেড়েছে। এ প্রেক্ষিতে জাতীয় স্বার্থ রক্ষায় সীমান্ত অপরাধ দমনে সরকার কী পদক্ষেপ নেবে—এ বিষয়ে তিনি জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে। সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেনসিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্ব মরুময়তা ও খরা দিবসে চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশ মন্ত্রীর

তিনি আরও বলেন, দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) ও টহল পোস্ট (টিওপি) নির্মাণ করা হচ্ছে। এর ফলে বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্ব কমে আসছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ জানান, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকায় ইতোমধ্যে ‘স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। দুর্গম পার্বত্য সীমান্তে সীমান্ত সড়ক নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে, যা বিজিবির টহল কার্যক্রমকে আরও কার্যকর করছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বসবাসরতদের মধ্যে চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাতেও অনুরূপ পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।