সৌদি আরবে মৃত্যু ৫৪ বাংলাদেশির

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ন, ১৯ জুন ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ১৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ কার্যক্রমকে কেন্দ্র করে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।

আরও পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো উদ্বেগ নেই: ডিএমপি

মৃত ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে মক্কায়। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন।

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে পরিচালিত বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন।

হজ শেষে দেশে ফেরার কার্যক্রম শুরু হয় ৩০ মে থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পরিচালিত হবে। হজযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।