চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা, বিপরীতে একই সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: ৬ জেলায় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবছরেও বিটিভির ব্যয় আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
আরও পড়ুন: মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
এছাড়া ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
উপস্থাপিত তথ্য থেকে দেখা যায়, বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বড় ধরনের ব্যবধান বিদ্যমান রয়েছে।





