বিরোধীদলীয় এমপিদের এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১২:১১ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করেন।

আরও পড়ুন: দরিদ্র মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণ করবে সরকার

জানা গেছে, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বরাদ্দপত্র গ্রহণ করেন।

আরও পড়ুন: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা, নদীতীরের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।