জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শনিবার স্মরণসভা, প্রধান অতিথি তারেক রহমান
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শনিবার (৪ জুলাই) রাজধানীতে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করেছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির সমাপনী দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ধারাবাহিক বিভিন্ন আয়োজন শেষে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে।





