টানা বৃষ্টির পর স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর, নির্বিঘ্নে চলছে সব ফ্লাইট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ৬:২৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে সাময়িকভাবে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটলেও বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি যাত্রীসেবা ও অন্যান্য অপারেশনাল কার্যক্রমও নিয়মিত গতিতে চলছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়েছে। বর্তমানে আগমন ও প্রস্থান—উভয় কার্যক্রমই নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, রোববার ভোর থেকে ঢাকার আকাশে ঘন মেঘ, ভারী বৃষ্টি এবং কম দৃশ্যমানতার কারণে কয়েকটি ফ্লাইট পরিচালনায় সাময়িক বিঘ্ন ঘটে। তবে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা বিধি অনুসরণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের অপারেশনাল জটিলতা নেই। বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সব ফ্লাইট নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

এর আগে বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইটের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এলেও আবহাওয়ার উন্নতির পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে।