শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরানো হবে, দেশে এলে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এখন বিষয়টি ভারত সরকারের আইন ও প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহের কথা জানালেও সরকার তাকে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রত্যাবর্তন করাতে চায়। তিনি বলেন, যেহেতু শেখ হাসিনা আদালতের রায়ে সাজাপ্রাপ্ত, তাই দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেফতার করা হবে এবং আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের সুযোগ থাকবে কি না, সেটি আদালত ও আইন বিশেষজ্ঞদের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকারকে অস্বস্তিতে ফেলতে চায়। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডে অনেকেই নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: ঢাকার বাস ব্যবস্থাপনায় বড় পরিবর্তন
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। বর্তমান আন্দোলনেও শিক্ষার্থীদের পাশাপাশি অছাত্রদের অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সরকার এখন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিষয়টিকে আইনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে প্রয়োজন অনুযায়ী মোকাবিলা করা হবে।





