জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী
প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনায় মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, সাধারণত গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে, সরকার সবসময় সেই চেষ্টাই করছে।
আরও পড়ুন: ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধীরা: মির্জা ফখরুল
শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: আবু সাঈদের আত্মত্যাগের পর যে ঐক্য গড়ে উঠেছিল, ভাঙল কীভাবে?
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা। সোলার বিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয় না। ফলে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, “আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয়নি—এটা কি আন্দোলনের বিষয় হলো?”
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





