প্রক্সি দিয়ে সরকারি চাকরি পেতে গিয়ে ধরা ৪ জন, জালিয়াতি ফাঁস
সরকারি চাকরি পেতে লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে (প্রক্সি) দিয়ে অংশগ্রহণ করানোর অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করতে এসে তাদের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে গেলে কর্মকর্তাদের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য
আটক ব্যক্তিরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. হালিম (রোল-১৯০০৪৪৮১), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার (রোল-১৯০১৬৩৯১), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন (রোল-১৯০১১৯৩৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির (রোল-১৯০১৯২৫৭)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪, ২৫ ও ২৮ আগস্ট ‘অফিস সহায়ক’ (গ্রেড-২০) পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সে সময় সব প্রার্থীর ছবি সংরক্ষণ করা হয়েছিল।
আরও পড়ুন: অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
পরবর্তীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সচিবালয়ের ৩ নম্বর ভবনের ১ নম্বর কক্ষে যোগদানের জন্য ডাকা হয়। নির্ধারিত সময়ে ওই চারজন যোগ দিতে এলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়।
পরে মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবির সঙ্গে তাদের পরিচয় মিলিয়ে দেখা হলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের হয়ে অন্য ব্যক্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বিষয়ে তারা লিখিতভাবেও নিজেদের দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাটি শাহবাগ থানায় জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।





