৩০০ কোট, ৫৩২ টাইসহ সাইফুজ্জামানের ফ্ল্যাটে বিলাসবহুল সামগ্রী উদ্ধার: দুদকের অভিযান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ বিলাসবহুল পোশাক, মূল্যবান ঘড়ি, গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে সেগুলোর তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু করেছে সংস্থাটি।

রোববার (১৯ জুলাই) সকালে দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম আদালতের আদেশ বাস্তবায়নে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের প্রাথমিক ইনভেন্টরি অনুযায়ী, ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই এবং প্রায় ১০০টি কামিজ পাওয়া গেছে। এছাড়া ৩ সেট মুক্তার গয়না, ৮টি ঘড়ির বক্স এবং ৪টি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রতিটি রোলেক্স ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার। এ ছাড়া ৪টি ঝাড়বাতিসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্রও তালিকাভুক্ত করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, গুলশানে অবস্থিত সাবেক ভূমিমন্ত্রীর দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য দুদকের একজন পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এভিয়েশন রিপোর্টিংয়ে দক্ষতা বাড়াতে সাংবাদিকদের জন্য বেবিচকের বিশেষ কর্মশালা

দুদক জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ বেশি হওয়ায় ইনভেন্টরির কাজ একদিনে শেষ করা সম্ভব হয়নি। ফলে রোববার শুরু হওয়া কার্যক্রম সোমবারও অব্যাহত থাকবে।

এর আগে ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে অনুসন্ধান জোরদার করে দুদক। এর ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে থাকা তার ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। এছাড়া ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা মূল্যের বাড়ি, ফ্ল্যাট ও বিভিন্ন বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।