নতুন রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে দলের উচ্চপর্যায়ই সিদ্ধান্ত নেবে।
মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে বিএনপির অভ্যন্তরেও আলোচনা চলছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।
সম্ভাব্য প্রার্থীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও উঠে এসেছে।
তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতি পদে কে আসবেন, সে সিদ্ধান্ত অনেকটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভর করবে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির সিদ্ধান্তই কার্যত চূড়ান্ত হবে।





