সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী তিনি ইমিউনিটি ভোগ করেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি তা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে এবং স্পিকার সেটি গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কেউ সমালোচনা বা অভিযোগ করতে পারেন, সেটি তাদের স্বাধীনতা। তবে বিরোধী দল বা অন্যদের উত্থাপিত অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখা যায়নি।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময় সংবিধান ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। সরকার তার সহযোগিতা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
লন্ডনে চিকিৎসার সময় পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুধু সংবাদমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, বর্তমান সময়ে যোগাযোগের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।





