রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় এ বৈঠক শুরু করে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নির্বাচনের তপশিল ঘোষণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ভোট আয়োজনের প্রক্রিয়া নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং জাতীয় সংসদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সাংবিধানিক বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।





