নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।
নতুন ভবনটি ১৫ তলা বিশিষ্ট। এর মধ্যে নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে। বেজমেন্টে পার্কিং সুবিধার পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রাখা হয়েছে। আর ওপরের ১২ তলায় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
হাসপাতালের সম্প্রসারিত ভবনে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে রাখা হয়েছে ৪০টি আইসিইউ বেড। এ ছাড়া অপারেশনের পর রোগীদের জন্য রয়েছে ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং রোগীদের আবাসিক চিকিৎসার সুবিধায় ১১২টি কেবিন।
চিকিৎসকরা জানান, নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীরা।
আরও পড়ুন: দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
এ ছাড়া পার্কিনসন্স, ডিমেনশিয়া, গিলিয়ান-বারে সিনড্রোম (জিবিএস), মৃগী, হাইড্রোকেফালাসসহ বিভিন্ন ধরনের স্নায়বিক রোগের চিকিৎসাও দেওয়া হয় এই হাসপাতালে। শিশু থেকে শুরু করে বয়স্ক রোগীদের বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যার চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে এখানে।
নতুন ৫০০ শয্যার ভবন চালু হওয়ায় নিউরোসায়েন্সেস হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





