প্রধানমন্ত্রীর ভারত সফর নি‌য়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা

প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকেই আপনারা জানতে পারবেন।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান। চলতি মাসে এই সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সফরের আগে দিল্লিকে একটি অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা।

আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮

বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিবেশ নিয়ে ঢাকার পক্ষ থেকে দেওয়া বার্তার বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে ব্রিকসে অংশগ্রহণের আমন্ত্রণপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধু বিমসটেকের চেয়ার হিসেবে উল্লেখ করায় বাংলাদেশের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।