ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, নতুন আইনের খসড়া অনুমোদন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিতে নতুন আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। নতুন আইনের আওতায় এপিবিএনের সদস্যরা ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাবেন।

সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: টেকসই উন্নয়নে অংশীদারিত্ব জোরদারের আহ্বান এফএইচের

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আইনে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি এ আইনের অধীনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপদ্ধতির বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমান আইনে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেপ্তার করার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতেন। নতুন আইন কার্যকর হলে নির্ধারিত বিধান অনুযায়ী তদন্ত কার্যক্রমও পরিচালনা করতে পারবেন তারা।

আরও পড়ুন: গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী মিজানুরের অবৈধ সম্পদের পাহাড়

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ বাহিনীর অধীন এ ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

নতুন আইনে এপিবিএনের দায়িত্বের মধ্যে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা, সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রদান, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকার জানিয়েছে, বিদ্যমান আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশকে যুগোপযোগী ও জনবান্ধব করতে বাংলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে খসড়া আইন প্রস্তুত করে জনমত যাচাইয়ের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে।