দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: ২০২৭ থেকেই শিক্ষাক্রমে এআই, চতুর্থ শিল্পবিপ্লব ও খেলাধুলা
বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য এখন অনেকটাই সুস্থ বলে জানান শায়রুল কবির খান। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শ পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।
আরও পড়ুন: শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এতদিন তার চিকিৎসা চলছিল।
বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ আগস্ট মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর মির্জা আব্বাস আবারও তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





