জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংঘটিত জঘন্য অপরাধগুলোর ঘটনা দ্রুত উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জঘন্য অপরাধের ঘটনাগুলো দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেসব ঘটনা তদন্তে বেশি সময় প্রয়োজন, সেগুলোর অগ্রগতি তদন্ত শেষে স্পষ্ট হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার , ২০০টির বেশি চেকপোস্ট
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে তাদের কিশোর অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তারা অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছর বয়সে বড়। তাদের কাছ থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধারের কথাও জানান তিনি।
আরও পড়ুন: বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম
দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যা মামলার বিচারও দ্রুত শেষ করতে বিচার বিভাগকে সহযোগিতা করার কথা বলেন তিনি।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজ সংক্রান্ত পরিসংখ্যান নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
অপরাধের পেছনে সামাজিক অবক্ষয়কে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাইবার স্পেসে সংঘটিত অনেক অপরাধের সঙ্গে মাদক, জুয়া ও পর্নোগ্রাফির মতো বিষয় জড়িত থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় স্কুল পর্যায় থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। সমাজের সচেতন নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটানো হয়েছে।
তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্যান্য ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তাঁর দাবি, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে সম্প্রতি বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
রাজনীতিতে জনমতের মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা। বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতাকে কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, শিল্প খাতে গ্যাসের সরবরাহ ধরে রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধানের আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তেজগাঁওয়ের একটি মসজিদে গোপন বৈঠকে বসার অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গত শুক্রবার নামাজের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বাকি ব্যক্তিদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টা করছিলেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে। উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।





