প্রিয়াঙ্কা থেকে আলিয়া, বলিউডে কার পারিশ্রমিক কত?
বলিউডে তারকাদের জনপ্রিয়তার পাশাপাশি সিনেমাপ্রতি পারিশ্রমিক নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। একসময় নায়কদের পারিশ্রমিকের তুলনায় পিছিয়ে থাকলেও এখন বড় বাজেটের সিনেমায় নিজেদের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রীরাও। অভিনয়দক্ষতা, জনপ্রিয়তা ও আন্তর্জাতিক পরিচিতির সুবাদে তাঁদের পারিশ্রমিকও পৌঁছেছে কয়েক কোটি টাকায়। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের তালিকায় উঠে এসেছে পাঁচ বলিউড তারকার নাম।
তালিকার শীর্ষে রয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে পরিচিতি পান তিনি। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘ফ্যাশন’, ‘বরফি!’, ‘মেরি কম’সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন প্রিয়াঙ্কা। পরে হলিউডের ‘কোয়ান্টিকো’ সিরিজ ও ‘বে ওয়াচ’-এর মতো কাজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছেও পরিচিতি পান।
আরও পড়ুন: ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড
দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাপ্রতি ১৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘পিকু’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় ছিলেন তিনি।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন কঙ্গনা রনৌত। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও যুক্ত এই তারকার সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। ‘কুইন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কঙ্গনা। ২০২৪ সালে নিজের পরিচালনায় ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়েও আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন: পুরোনো জুটির নতুন রসায়ন, আবারও একসাথে শাহরুখ-কারিনা
চতুর্থ অবস্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলেও পরবর্তী সময়ে ‘নমস্তে লন্ডন’, ‘নিউইয়র্ক’, ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’ ও ‘ধুম ৩’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি নাচ ও অ্যাকশন দৃশ্যেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। অল্প সময়ের মধ্যেই ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০২৩ সালে হলিউডের ‘হার্ট অব স্টোন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পা রাখেন আলিয়া।
আইএমডিবির তালিকায় উঠে আসা এই পাঁচ অভিনেত্রীর পারিশ্রমিকের পরিসংখ্যান বলছে, বলিউডে নারী তারকাদের বাণিজ্যিক অবস্থান ও পারিশ্রমিকের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে।





