বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। এরপর রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: একনেকে ১৫ হাজার ৭১৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে এটি তার প্রথম সাক্ষাৎ।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব ও শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের জন্য তাকে অভিনন্দন জানান। এর আগে ২৫ সেপ্টেম্বর দেওয়া এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি ওই ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে উল্লেখ করেছিলেন।
রাষ্ট্রপতি বলেন, ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা হয়েছে। তার মতে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রেখেছে।
সাক্ষাৎকালে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।





