প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার খবরের পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দেশের নানা জেলা থেকে পরীক্ষা দিতে আসা প্রার্থীরা সড়কে অবস্থান নিয়ে মিছিল করেন। তাঁদের দাবি, প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করতে হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
রাজধানীর মতিঝিল বালিকা উচ্চবিদ্যালয়, কলোনি উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয়, খিলগাঁও মডেল কলেজ, বাংলা কলেজ ও শাপলা চত্বর এলাকায় পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তাঁরা নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা আর্থিক ক্ষতি ও নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দেশের দূরবর্তী জেলা থেকে ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে হতাশ হয়েছেন তাঁরা। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও পরীক্ষার্থী রুমা রানা বলেন, লাখ লাখ চাকরিপ্রার্থীর সবাই ঢাকায় থাকেন না। অনেকে জেলা শহর থেকে ধারদেনা করে এবং সারা রাত ভ্রমণ করে পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শেষ করে তাঁদের আবার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
রুমা রানা আরও বলেন, পরীক্ষার্থীদের শারীরিক পরিশ্রম, আর্থিক ক্ষতি ও ভেঙে যাওয়া স্বপ্নের দায় কে নেবে? প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলন করছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।





