সচিবালয়ে এমপিদের গাড়িতে প্রবেশে নতুন নিয়ম, সঙ্গে যেতে পারবেন যারা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে যাত্রী নেওয়ার বিষয়ে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে এমপিদের ব্যক্তিগত গাড়িতে তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিবের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ জন উপদেষ্টার বিবৃতি

সভায় সিদ্ধান্ত হয়, সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করার পরই প্রবেশের সুযোগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির সচিবালয়ে প্রবেশের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থাপনায় উদ্বেগ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে একটি গাড়িতে চার থেকে পাঁচজন পর্যন্ত সচিবালয়ে প্রবেশ করেন। তাঁদের প্রত্যেকের প্রবেশের অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির অভিযোগ, সরকারের তীব্র নিন্দা

এ ছাড়া ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাকর্মীরা অনেক সময় কঠোর ব্যবস্থা নিতে পারেন না বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। তাই পরিচয় ও অনুমোদন যাচাই ছাড়া অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা সীমিত রাখার পাশাপাশি তাঁদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করা হবে। এতে সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।