অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। এর প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় তাঁর মরদেহ পাওয়া যায়।
আরও পড়ুন: রাখাইনে রোহিঙ্গাদের ১৭ অক্টোবরের মধ্যে গ্রাম ছাড়ার নির্দেশ
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, মোশাররফ হোসেনের চোখে কম দেখার সমস্যা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে।
সাবেক এই অতিরিক্ত সচিব অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে।
ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার ইচ্ছা জানানো হয়েছে। এ কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে বলে তিনি জানান।





