চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরীর সময় কৃষক লীগ কর্মী নিহত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুই-তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় একটি ভুট্টাক্ষেতের মধ্যে এ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মুর্তজার ছেলে।
স্থানীয়রা জানায়, টমাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ও সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন শিমুলের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত ছিলেন। ফেসবুক পোস্টে একটি ফটো কাডে টমাস নিজেকে কৃষক লীগ কর্মী হিসেবে পরিচয় দেন।
আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, ভুট্টাক্ষেতের মধ্যে নিহত টমাসের আশপাশে ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কৌটা, কসটেপ ও পাথরের কুচি পাওয়া গেছে। এসব আলামত দেখে ককটেল তৈরির সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে শুনেছেন। তবে তাঁর দলীয় পদ-পদবি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও দুই-তিনজন আহত হয়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





