গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণের সভা স্থগিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তৈরি শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আপাতত অপেক্ষা বাড়ল। গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ডের সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান।

নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। সভার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: দেশে-বিদেশে সরকারের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বৈঠকে গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত প্রস্তাব দেওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

এর আগে গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব জমা দেন। ওই প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

এবারের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার কথা থাকলেও বৈঠক স্থগিত হওয়ায় সেই প্রক্রিয়া পিছিয়ে গেল। নতুন সভার তারিখ ঘোষণার পরই মালিকপক্ষের প্রস্তাব এবং মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা এগোবে।

উল্লেখ্য, তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে।