কক্সবাজারে আরও এক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের কলাতলী এলাকার কক্স অ্যাম্বাসেডর হোটেলের অষ্টম তলায় আগুন লাগার পর আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন হোটেলটিতে অবস্থানকারী শতাধিক পর্যটক।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটির পর্যটকদের পাশাপাশি আশপাশের হোটেলে অবস্থানকারী পর্যটক ও স্থানীয় বাসিন্দারাও রাস্তায় অবস্থান নেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগে সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





