আওয়ামী লীগ নিজেরাই নিজেদের কবর রচনা করে পালিয়েছে: মাইনুল ইসলাম

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধ করার প্রয়োজন নেই, দেশের জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের কবর রচনা করেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।

আরও পড়ুন: সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন

বক্তব্যে মো. মাইনুল ইসলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন ও অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করে বলেন, দলটির জন্মলগ্ন থেকেই নানা ষড়যন্ত্রের রাজনীতি ছিল। প্রথম যিনি দলটি প্রতিষ্ঠা করেছিলেন, শেষ মুহূর্তে তিনি তা গ্রহণ করতে পারেননি। বহুদলীয় গণতন্ত্রের কথা বলে ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে দলটিকে ‘আওয়ামী লীগ’ করা হয়েছিল।

স্বাধীনতা-পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, যাঁরা ‘এক নেতা, এক বঙ্গবন্ধু, এক বাংলাদেশ’ স্লোগান দিতেন, তাঁদের হাতেই ওই নেতা সপরিবারে নিহত হন। এরপর ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

শেখ হাসিনার ‘ভোট ও ভাতের অধিকার’ স্লোগানের সমালোচনা করে মাইনুল ইসলাম বলেন, দেশে ফেরার পর থেকে শেখ হাসিনার স্লোগান ছিল ভোট ও ভাতের অধিকারের। কিন্তু তিনিই মানুষের ভোটাধিকারসহ সব অধিকার হরণ করেছেন। শেষ পর্যন্ত মানুষের আন্দোলনের মুখে তাঁরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

গত ১৭ বছরের আন্দোলনের কথা তুলে ধরে মো. মাইনুল ইসলাম বলেন, এই সময়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও গাইড ও দিকনির্দেশনা দিয়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। তবে আজ আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরাও পালিয়ে গেছেন।

আলোচনায় আওয়ামী লীগের প্রসঙ্গ টানার বিষয়ে সতর্ক করে মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে মনে হয় আমরা আলোচনা করেই বাঁচিয়ে রাখছি। আওয়ামী লীগ কিন্তু নিজেই তার কবর রচনা করে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁনসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।