সুনামির শঙ্কা নেই
ইন্দোনেশিয়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ার তুয়াল শহরের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৬ নির্ধারণ করা হয়। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
আরও পড়ুন: ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান!
ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বান্দা সাগরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর কেন্দ্রস্থল ছিল মালুকু প্রদেশের কাই দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত তুয়াল শহর থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এই এলাকায় একাধিক টেকটোনিক প্লেটের চলাচল ও পারস্পরিক সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স
২০০৪ সালের ডিসেম্বরে ভারত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ছিল ইন্দোনেশিয়া। ওই সময় আচেহ প্রদেশের উপকূলের কাছে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ১৭টি দেশে আঘাত হানে।





