জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের বিচার দ্রুত শেষ করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম আরও গতিশীল করতে তৃতীয় ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতি এখন পর্যন্ত সন্তোষজনক।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আইন উপদেষ্টা আরও বলেন, বিচার কার্যক্রম যেন দ্রুততম সময়ে শেষ করা যায়, সে দিকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রয়োজনে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হবে।
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ইতোমধ্যে জোরেশোরেই চলছে। বেশ কিছু মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সাক্ষ্যগ্রহণও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব বিচারকাজ চলছে। তবে মূল ভবনের সংস্কার কাজ শেষ না হওয়ায় অস্থায়ী টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।





