শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষ তা দেখবে, এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা যেন মনে রাখেন—এই দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদের কোনো স্থান নেই। যারা গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এমনই হবে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: জামায়াত আমির
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ কখনোই দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না; বরং গণতন্ত্রের মুখোশ পরে একটি মাফিয়া–ফ্যাসিস্ট শক্তি হিসেবে কাজ করেছে। সংবিধান লঙ্ঘন তারা বারবার করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের মানুষ বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চায়। তিনি সতর্ক করে বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা ঘটলে ভবিষ্যতে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান ঘটতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা সবার দায়িত্ব।
আরও পড়ুন: দিনাজপুরে স্বেচ্ছাশ্রমে খাল পুনঃখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী
সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না এবং নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।





