চরমোনাইর পীর

জামায়াতে ইসলামীর নেতারা আমেরিকায় আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৩৬ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর নেতারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে তাঁদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন।

আজ বুধবার বিকেলে ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে দলের ইশতেহার ঘোষণাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেজাউল করিম বলেন, “বিভিন্ন জায়গায় দেখেছি, আমেরিকার সঙ্গে তারা বৈঠক করে, সেখানে আমাদের উগ্রবাদী হিসেবে উপস্থাপন করেছে।” রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

চরমোনাইর পীর হিসেবে পরিচিত রেজাউল করিম বলেন, “বাংলাদেশের কোনো দলীয় নেতা আজ পর্যন্ত দেশের কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে জঙ্গি বা উগ্রবাদী হিসেবে চিহ্নিত করেনি। আমাদের দেশকে কলঙ্কিত করার কোনো ইতিহাস নেই। তবে দুঃখসহকারে বলতে হয় যে, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব আমাদের আমেরিকার দূতাবাসে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন।”

তিনি আরও বলেন, “আমেরিকার সঙ্গে গোপন বৈঠক, ভারতের সঙ্গে গোপন বৈঠক—এ ধরনের বৈঠক হতে পারে, কিন্তু গোপন কেন? ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি একটি ধারাবাহিকতার অংশ, যা বোঝায় যে বৈঠক আরও আগে হয়েছে।”

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে রেজাউল করিম বলেন, “জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার সমতুল্য। যেখানে নিজেদের ভেতরে সৌহার্দ্য নেই, তাদের সঙ্গে থাকলে জাতি ধোঁকায় পড়বে। বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে অসুন্দর হবে। এই কারণেই আমরা ওই জোট থেকে বেরিয়ে এসেছি।”