বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি নয় প্রস্তাবটির প্রথম উপস্থাপক: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি প্রথমে বিএনপি উত্থাপন করেছিল। তারেক রহমান বলেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির ৩১ দফার অন্তর্ভুক্ত এবং এই প্রস্তাবও এরই একটি অংশ।
তারেক রহমান বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে জুলাই সনদ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করবে। তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময়।
আরও পড়ুন: নানার বাড়ির এলাকায় গিয়ে ভোট চাইলেন তারেক রহমান
তিনি বলেন, “আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার কমিশনে কিছু আলোচনা হয়েছে। কিন্তু আমরা বহু বছর আগে, প্রায় দুই-আড়াই বছর আগে, এসব বিষয় জাতির সামনে উপস্থাপন করেছি।”
তারেক রহমান আরও বলেন, “৩১ দফা বা ২০৩০ ভিশনের সময় জুলাই সনদ অন্তর্ভুক্ত ছিল না। যেহেতু এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এটি সামনে নিয়ে এসেছি। জাতি গঠন ও গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন অপরিহার্য। দুই প্রস্তাবের অনেক বিষয় একে অপরের সঙ্গে মিলিত।”
আরও পড়ুন: ক্ষমতায় এলে চাঁদাবাজি-ঘুষের সাহস পাবে না কেউ: জামায়াত আমির
ইশতেহারের সাংবিধানিক সংস্কারের অংশ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি প্রথম বিএনপি উপস্থাপন করেছিল। ৩১ দফার মাধ্যমে আমরা এ প্রস্তাব জাতির সামনে রেখেছিলাম। পরবর্তীতে অন্যান্য দলও এটিকে আলোচনা করেছে, কিন্তু প্রথম প্রস্তাবটি আমাদেরই।”
তারেক রহমান জানান, সরকার গঠনের পর বিএনপি বিষয়টি আইন প্রবর্তনের মাধ্যমে বাস্তবায়ন করবে। তিনি বলেন, “আমরা সরকার গঠন করলে অবশ্যই আইন প্রবর্তন করব, যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।”





