সূত্রাপুরে নগদ অর্থসহ জামায়াত কর্মী আটক, দুই দিনের কারাদণ্ড
রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
ডিএমপির তথ্য অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই তাকে কারাদণ্ড প্রদান করেন।
এ সময় তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।





