ভোট দিলেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তারেক রহমানের সঙ্গে প্রবেশ করেন ডা. জুবাইদা রহমান। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তারা দুজনই ভোট প্রদান করেন।
আরও পড়ুন: নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ব্যবধান ৮ হাজার ৩০৪ ভোট
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। ভোটকেন্দ্রে প্রবেশের মুহূর্তে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ বজায় ছিল।
ভোট প্রদান শেষে তারেক রহমান স্বল্প সময়ের জন্য কেন্দ্রে অবস্থান করেন। এ সময় তিনি ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: ঢাকা-৮ আসনে পরাজিত নাসীরুদ্দীন পাটওয়ারী, জয়ী মির্জা আব্বাস
একই কেন্দ্রে বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া রহমান ভোট দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন পরিস্থিতি
এদিকে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। অনেকেই পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজকের বহুল প্রতীক্ষিত নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।





