তারেক রহমানের মন্ত্রিসভায় যারা ডাক পেয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিএনপির সংসদীয় দলসভায় সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। বিকালেই তিনি নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
আরও পড়ুন: পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেবেন যে ২৫ জন
বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, শরীফুল আলম, মীর শাহে আলম।
এছাড়াও অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন। প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন জাকারিয়া তাহের (সুমন), এম. রশিদুজ্জামান মিল্লাত, ফরহাদ হোসেন আজাদ, হাজি আমিনুর রশীদ ইয়াছিন এবং কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
আরও পড়ুন: শপথ নিলেন এনসিপির ৬ এমপি
বিএনপির জোট থেকে জোনায়েদ সাকী ও নুরুল হক নুর মন্ত্রিপরিষদে স্থান পাচ্ছেন বলে জানা গেছে। নতুন মন্ত্রিপরিষদ ৫০ সদস্যের হতে পারে।
সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিএনপির এমপিরা কেউ ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারি প্লটও নেবেন না।





