শপথ নিলেন এনসিপির ৬ এমপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
এনসিপির এই সংসদ সদস্যরা একইসঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল এনসিপি। এর আগে জামায়াতের নির্বাচিত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
আরও পড়ুন: নান্দাইলের জুলাই যোদ্ধা শহীদ জুবাইদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ছাত্রদল
অন্যদিকে, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেননি। সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের আগে দলীয় এমপিদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, "আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটি ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।"
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
তিনি আরও যোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পাঠ করাবেন, সেই বিধানটিও আগে সংবিধানে নিশ্চিত করতে হবে। আইনি ও সাংবিধানিক জটিলতার কারণেই বিএনপি এই মুহূর্তে এই শপথ গ্রহণ থেকে বিরত থাকছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে নতুন সংসদের শুরুতেই প্রধান দুই রাজনৈতিক পক্ষের মধ্যে মতভিন্নতা স্পষ্ট হয়ে উঠল।





