মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমান শুক্রবার (১৩ মার্চ ২০২৬) জুম্মার নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান।
আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করতে।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দল-এর সভাপতি আফরোজা আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসকরা।
আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
এদিকে শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করানো হবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে।





